কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ–কাতার সশস্ত্র বাহিনীর প্রেষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রোববার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে আন্তঃবাহিনী সংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, প্রাথমিকভাবে এই চুক্তির আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ৮০০ সদস্যকে কাতারে নিয়োগ দেওয়া হবে। চুক্তির মাধ্যমে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং কাতারের পক্ষে স্বাক্ষর করেন চীফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই। অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান, ডেলিগেশন সদস্য ও দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চুক্তির মাধ্যমে বাংলাদেশি সদস্যরা কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োজিত হওয়ার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে ৩ বছরের জন্য নিয়োগ প্রদান করা হবে এবং কর্মদক্ষতা সন্তোষজনক হলে মেয়াদ ৬ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব।
এই চুক্তি কাতারে দক্ষ জনবল প্রেরণের নতুন দ্বার উন্মোচন করবে, দুই দেশের বিদ্যমান সম্পর্ককে শক্তিশালী করবে এবং বাংলাদেশ সরকারের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করবে।
উক্ত সফরে বাংলাদেশের প্রিন্সিপাল স্টাফ অফিসার কাতার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
উল্লেখ্য, এ চুক্তি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের গত ২১-২৫ এপ্রিল ২০২৫-এর কাতার সফরের সফল কূটনৈতিক প্রচেষ্টার ফল।

ডেস্ক রিপোর্ট 






















