এবছর সৌদি আরবে ১৪৪৭ হিজরির হজ উপলক্ষে পবিত্র আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মদিনা মনোয়ারার সম্মানিত ইমাম ও খতিব শেখ আলী বিন আবদুর রহমান হুজাইফি। আগামী ২৬ মে (মঙ্গলবার) হজের দিন আরাফাতের ময়দানের পশ্চিম সীমান্তে অবস্থিত বিখ্যাত মসজিদ আল-নামিরায় খুতবা পাঠ ও নামাজ আদায়ে ইমামতির দায়িত্ব পালন করবেন তিনি।
সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ এই নির্দেশনা দিয়েছেন। মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার নববি মসজিদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
ইসলামী শরিয়ত অনুযায়ী, আরাফাতের ময়দানে মুসলিম উম্মাহর মহাসম্মিলনই হজের প্রধান অনুষ্ঠান। জিলহজ মাসের ৯ তারিখকে বলা হয় ‘ইয়াওমে আরাফা’ বা আরাফা দিবস। ঐতিহ্যগতভাবে এই বিশেষ দিনে বিশ্ব মুসলিমের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক খুতবা প্রদান করা হয়।
প্রতিবছরের মতো এবারও আরাফাতের ময়দানে দেওয়া এই ঐতিহাসিক খুতবাটি বিশ্বের বিভিন্ন ভাষায় তাৎক্ষণিক অনুবাদ করে একযোগে সম্প্রচার করবে সৌদি আরব সরকার।

ডেস্ক রিপোর্ট 


















