বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুল হাশেম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার এক সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। পরে তিনি মহান রবের ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করেন।
অধ্যাপক আবুল হাশেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক আবুল হাশেম ছিলেন একজন আদর্শবান, নিষ্ঠাবান ও সংগ্রামী ইসলামী ব্যক্তিত্ব। দ্বীনের পথে তাঁর অবদান, ত্যাগ ও নেতৃত্ব সংগঠনের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দ্বীনের কাজে নিয়োজিত ছিলেন—এটি তাঁর জীবনের এক অনন্য দৃষ্টান্ত।
জামায়াত আমীর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁর সকল গুনাহ ক্ষমা করে দেন, নেক আমলগুলো কবুল করেন এবং তাঁকে শহীদের মর্যাদা দান করেন। তিনি আরও দোয়া করেন, আল্লাহ তাআলা যেন মরহুমের কবরকে জান্নাতের একটি বাগিচায় পরিণত করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন।
শোকবার্তায় অধ্যাপক আবুল হাশেমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে জামায়াত আমীর মহান আল্লাহর কাছে তাঁদের জন্য ধৈর্য, শক্তি ও উত্তম সান্ত্বনা কামনা করেন।
বক্তব্যরত অবস্থায় কুষ্টিয়া জেলা আমীরের মৃত্যুতে জামায়াত আমীরের শোক

