প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি কিউবার বিরুদ্ধে সামরিক হামলা চালায়, তাহলে তা ‘অপরিমেয় পরিণতির রক্তক্ষয়ী পরিস্থিতি’ তৈরি করবে।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক পোস্টে তিনি বলেন, কিউবা যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের জন্য “কোনো হুমকি নয়”। তবে তিনি জোর দিয়ে বলেন, আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ ও বৈধ অধিকার কিউবার রয়েছে।
এই হুঁশিয়ারির মধ্যেই ওয়াশিংটন কিউবার ওপর চাপ আরও বাড়িয়েছে। যুক্তরাষ্ট্র কিউবার প্রধান গোয়েন্দা সংস্থা এবং দেশটির যোগাযোগ, জ্বালানি ও বিচার মন্ত্রীসহ মোট ৯ জন কিউবান নাগরিকের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি বিভাগের বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় কমিউনিস্ট পার্টির কয়েকজন শীর্ষ নেতা ও অন্তত তিনজন জেনারেলও রয়েছেন।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে দাবি করে, কিউবা রাশিয়া ও ইরান থেকে ৩০০টির বেশি সামরিক ড্রোন সংগ্রহ করেছে এবং সেগুলো যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে ব্যবহারের বিষয় বিবেচনা করছে। প্রতিবেদনে আরও বলা হয়, কিউবা গুয়ানতানামো বে-তে মার্কিন ঘাঁটি, মার্কিন সামরিক জাহাজ এবং সম্ভবত ফ্লোরিডায়ও ড্রোন হামলার পরিকল্পনা নিয়ে ভাবছে।
তবে ড্রোন সংক্রান্ত এসব অভিযোগের বিষয়ে কিউবার পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য আসেনি। সূত্র: এএফপি, অ্যাক্সিওস

ডেস্ক রিপোর্ট 


















