মাত্র পাঁচ দিনের দুই জমজ কন্যাশিশু। মায়ের বুকের দুধ আর আদর-স্নেহ পাওয়ার বয়সেই মাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে অবুঝ দুই নবজাতক। সন্তান জন্মের মাত্র পাঁচ দিন পর তাদের বাড়িতে রেখে মা চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ধাড়িয়াল গ্রামে। মায়ের অনুপস্থিতিতে দুই নবজাতককে নিয়ে চরম বিপাকে পড়েছেন তাদের বাবা সাকিব হোসেন ও পরিবারের সদস্যরা।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সাকিব হোসেন ও মারিয়া আক্তারের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবার শুরুতে এ সম্পর্ক মেনে না নিলেও পরে স্থানীয়দের মধ্যস্থতায় পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
গত ১৩ আগস্ট ঘাটাইলের হাজী খোরশেদ আলী মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মারিয়ার কোলজুড়ে আসে জমজ দুই কন্যাশিশু। সন্তান জন্মের পর পাঁচ দিন মা ও নবজাতকরা পরিবারের সঙ্গেই ছিলেন।
তবে গত ১৭ আগস্ট রাতে পাঁচ দিনের দুই শিশুকে বাড়িতে রেখে মারিয়া চলে যান বলে অভিযোগ পরিবারের। এরপর প্রায় দুই দিন পার হলেও তিনি আর সন্তানদের কাছে ফিরে আসেননি। তিনি কোথায় গেছেন বা কার সঙ্গে রয়েছেন, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
শিশু দুটির বাবা সাকিব হোসেন বলেন, পাঁচ দিনের দুই সন্তানকে নিয়ে তিনি চরম বিপাকে পড়েছেন। নবজাতক দুটিকে সুস্থ রাখতে মায়ের বুকের দুধ ও যত্ন প্রয়োজন।
স্ত্রীকে সন্তান রেখে চলে যাওয়ার ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের প্ররোচনা থাকতে পারে বলে সন্দেহ করছেন সাকিব। তবে এ অভিযোগের পক্ষে তাৎক্ষণিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ ঘটনায় ঘাটাইল থানায় অভিযোগ করেছেন তিনি।
ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান জানান, এ ধরনের একটি অভিযোগ তারা পেয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং শিশু দুটির মাকে খুঁজে বের করে সন্তানদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
এদিকে, মায়ের স্নেহ ও বুকের দুধ থেকে বঞ্চিত পাঁচ দিনের দুই নবজাতকের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















