দুই হাত নেই, তবুও থেমে যায়নি স্বপ্ন। মুখে কলম ধরে লিখেই দাখিল পরীক্ষায় পাস করেছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বালিচাঁদ দারুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষার্থী রিয়াদ হাসান। এবারের পরীক্ষায় জিপিএ পেয়েছে ২.৯৪। প্রত্যাশিত ফল না হলেও শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যেতে চায় সে।
রিয়াদের এই সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় মসজিদের ছাদে খেলতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় রিয়াদ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার দুই হাত কেটে ফেলতে হয়।
দুই হাত হারানোর পরও পড়াশোনা থেকে দূরে সরে যায়নি সে। বরং মুখে কলম ধরে লেখা আয়ত্ত করে চালিয়ে যায় পড়াশোনা। একের পর এক পরীক্ষা দিয়ে এবার অর্জন করেছে দাখিল পাসের সাফল্য।
রিয়াদ জানায়, ছোটবেলা থেকেই তার স্বপ্ন একজন আদর্শ শিক্ষক হওয়া। দুই হাত হারানোর পর জীবন অনেক কঠিন হয়ে গেলেও পড়াশোনা চালিয়ে গেছে সে। এখন উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে চাকরি করতে চায়।
রিয়াদের মা দেলরোবা বেগম বলেন, অভাবের মধ্যেও তারা ছেলের পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। রিয়াদ যদি সরকারি সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ পায়, তাহলে তার ভবিষ্যৎ আরও সুন্দর হবে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার নুরুল হক বলেন, দুই হাত না থাকা সত্ত্বেও মুখ দিয়ে লিখে রিয়াদের দাখিল পাস করা তার অদম্য মনোবলের প্রমাণ। তার এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার।
শারীরিক প্রতিবন্ধকতা রিয়াদের স্বপ্ন থামাতে পারেনি। বরং প্রতিটি বাধা পেরিয়ে সে এগিয়ে যাচ্ছে নিজের লক্ষ্যের দিকে। তার স্বপ্ন—একদিন নিজেই শিক্ষক হয়ে অন্যদের আলোর পথ দেখানো।

ডেস্ক রিপোর্ট 






















