ভয়াবহ ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল ও রেলিং ধসে মুহূর্তেই থেমে গেছে বহু প্রাণের স্পন্দন। ঢাকার বংশালের কসাইটুলীতে পাঁচতলা ভবনের রেলিং নিচে পড়ে নিহত হয়েছেন হাজি আব্দুল রহিম (৪৭) এবং তার ছেলে মেহরাব হোসেন রিমন (১৩)। একই ঘটনায় মারা গেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রাফি। রাফির মা নুসরাত গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি বংশাল থানার ওসি নিশ্চিত করেছেন।
রাজধানীর মুগদার মদিনা বাগেও একই ধরনের আরেকটি দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনের রেলিং ধসে প্রাণ হারান নিরাপত্তাকর্মী মাকসুদ (৫০)।
রাজধানীর বাইরে দৃশ্য আরও মর্মান্তিক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের সময় টিনশেড বাড়ির দেয়াল ধসে মারা যায় এক বছরের শিশু ফাতেমা। আহত হয়েছেন তার মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকার আব্দুল হকের মেয়ে। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেন।
নরসিংদীর গাবতলীতে বাবা-ছেলের হৃদয়বিদারক মৃত্যু ঘটেছে। ভূমিকম্প শুরু হতেই তিন সন্তানকে নিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন দেলোয়ার হোসেন উজ্জ্বল। ঠিক সেই মুহূর্তে সানশেড ভেঙে পড়ে দেলোয়ার ও তার ছেলে ওমরের (১০) ওপর। হাসপাতালে নেওয়ার পর দুজনই মারা যান। ওমরের চাচা জাকির হোসেন বলেন, “ভূমিকম্প শুরু হতেই দেলোয়ার সন্তানদের নিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই দুর্ঘটনা ঘটলো।”
নরসিংদীর পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির দেয়াল ধসে মারা গেছেন কাজেম আলী ভূঁইয়া (৭৫)। একই জেলার কাজীরচর নয়াপাড়ার নাসির উদ্দিন (৬৫) এবং শিবপুরের জয়নগর ইউনিয়নের ফোরকান মিয়াও প্রাণ হারিয়েছেন।

