ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, ৫ আগস্টের পর থেকে বাগছাস ও শিবিরসহ বিভিন্ন সংগঠন পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে এবং তাদের ‘ছাত্রলীগ’ ট্যাগিং করছে।

শুক্রবার শহিদুল্লাহ হলের সামনে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

আবিদুল ইসলাম বলেন,

“এ সকল অপপ্রচার রুখে দিয়ে নির্বাচনী মাঠে ঘুরে দাঁড়াবে ছাত্রদল। পাশাপাশি প্রশাসনকে কার্যকর ভূমিকা নিতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, ডাকসুর প্রার্থী হিসেবে বিশ্ববিদ্যালয়ের যেকোনো মসজিদে নামাজ পড়তে গেলে শিক্ষার্থীরা বা সংগঠনের নেতাকর্মীরা স্বাভাবিকভাবে তার সঙ্গে সালাম বিনিময় করতে পারে, এতে কোনো আচরণবিধি লঙ্ঘন হয় না। কিন্তু এর উল্টোভাবে বিভিন্ন গ্রুপে অপপ্রচার চালানো হচ্ছে, যা নির্বাচন কমিশনের নজরে আনা প্রয়োজন।

আবিদুল ইসলাম জানান, ছাত্রদল একটি অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে। এতে আদিবাসী প্রতিনিধি, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিত্ব এবং নারী প্রার্থীরাও স্থান পেয়েছেন। অন্য প্যানেলের মতো সভাপতি-সম্পাদকরা শীর্ষ পদে না দাঁড়িয়ে, সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে পরীক্ষিত নেতাদের মনোনীত করা হয়েছে।

যদিও এখনও আনুষ্ঠানিক ইশতেহার ঘোষণা করা হয়নি, তবে ছাত্রদলের প্রধান অঙ্গীকারসমূহ হলো—

  • গেস্টরুম-গণরুম সংস্কৃতির স্থায়ী সমাপ্তি,

  • শিক্ষার্থীদের আবাসন ও নিরাপত্তা নিশ্চিতকরণ,

  • যারা প্রাইভেট পড়িয়ে জীবনযাপন করে তাদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা।