মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের কালিনগর গ্রামের মাঠে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনুমিয়া নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, চার সদস্যের একটি চোরচক্র ট্রান্সফরমার চুরি করতে গেলে বিদ্যুৎ সংযোগ চালু হয়ে যায়। এতে মনুমিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তার সহযোগীরা পালিয়ে যায়।
সকালে স্থানীয়রা তাকে মাঠে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 




















