জনগণের টাকায় যারা বিদেশে বাড়ি করেছে তারা এ নগরকে গড়ে তোলেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ স্বস্তিতে থাকবে এবং একটি পরিকল্পিত ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরে অগ্নিকাণ্ডে নিহত ১৬টি পরিবারকে বিএনপির পক্ষ থেকে প্রতিশ্রুত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবাসিক এলাকায় রাসায়নিক কারখানা স্থাপনের সমালোচনা করে রিজভী বলেন, “অন্তর্বর্তী সরকার চাইলে অনেক ভালো কাজের মডেল তৈরি করতে পারতো, যা পরবর্তীতে নির্বাচিত সরকার অনুসরণ করতে পারতো।”
তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় আসলে হেলথ কার্ডের মাধ্যমে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যথাযথভাবে দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ করেন রিজভী।
এসময় মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, অগ্নিকাণ্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে বিএনপি সর্বদা থাকবে।

