দিনাজপুরের খানসামা উপজেলার ৫নং ভাবকী ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিএনপির ৩০ জন কর্মী। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়নের দেউলগাঁও গ্রামে সংবর্ধনা অনুষ্ঠান ও সাধারণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ওসমান গনী। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও রংপুর অঞ্চল টিমের সদস্য আলহাজ্ব আফতাবউদ্দিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সামিউল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি আব্দুল জলিলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন নেতারা।

জামায়াতে যোগদানকারী বিএনপি কর্মীরা হলেন—আবু সাইদ, আহাদ ইসলাম, হুসাইন আলি, নজু ইসলাম, শামিম ইসলাম, শাকিল ইসলাম, সহিদুল ইসলাম, ফজুলু রহমান, জিয়া হক, আকিবুল ইসলাম, নুর বাবু, রিফাত ইসলাম, জাহিদুল ইসলাম, সোহেল রানা, হাবিবুর রহমান, নাজির উদ্দিন, আলামিন, সোহরাব আলি, মোরসালিন ইসলাম, বাইজিত ইসলাম, কালাম ইসলাম, শিলু ইসলাম, শাহিন ইসলাম, এনামুল হক, সাইদুল ইসলাম, মাজিদুল ইসলাম, আউয়াল ইসলাম, আবু হানিফ, আনারুল ও রাকিব ইসলাম।

প্রধান অতিথি আফতাবউদ্দিন মোল্লা বলেন, “আপনারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে একটি আদর্শিক ইসলামী দলে যুক্ত হয়েছেন। তবে শুধু যোগদান করলেই চলবে না; আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন মুক্তির লক্ষ্যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামী বিধিবিধান অনুসরণ করতে হবে।”

যোগদানকারী বিএনপি কর্মীদের মধ্যে নজরুল ইসলাম, আবু সাঈদ, আউয়াল, সোহেল রানা ও নুর বাবু বলেন, “আমরা আগে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু বর্তমানে বিএনপির নামে চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ বেড়ে গেছে। তাই নিজেদের সিদ্ধান্তে আদর্শিক দল জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।”

অন্যদিকে, ভাবকী ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দীন দাবি করেন, “আজ যারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে, তারা কেউই বিএনপির কর্মী নয়। এটি সম্পূর্ণ গুজব।”

জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত নন, বিষয়টি যাচাই করে দেখা হবে।