মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো ক্যাম্পাসে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৃতীয় তলা থেকে নিচে পড়ে প্রাণ হারিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মনির।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন আরিফনগর এলাকার একটি ভাড়া বাসার বারান্দায় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মনির। এতে তিনি তৃতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
সহপাঠীরা দ্রুত তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মনিরুজ্জামান দিনাজপুরের বিরল উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোক। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। শোকবার্তায় তিনি বলেন, একজন সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীর অকাল মৃত্যু বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ডেস্ক রিপোর্ট 

























