প্রেমিকাকে কটূক্তি—শুরুটা ছিল ব্যক্তিগত বিরোধ। কিন্তু সেই ঘটনাই মুহূর্তেই রূপ নেয় দুই আবাসিক হলের শিক্ষার্থীদের সংঘর্ষে। দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ আর ভাঙচুরে রণক্ষেত্রে পরিণত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৩ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একই ব্যাচের এক নারী শিক্ষার্থীকে নিয়ে কটূক্তির অভিযোগ থেকে দুই শিক্ষার্থীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার গভীর রাতে আশরাফুল হক হল ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে প্রথম দফা সংঘর্ষ শুরু হয়।
রাতভর দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে শুক্রবার জুমার নামাজের পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই হলের শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাসের আব্দুল জব্বার মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টার জানিয়েছে, দুই দফার সংঘর্ষে মোট ১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্তে কমিটি গঠন করা হবে। জড়িতদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ও নজরদারিও জোরদার করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 
























