বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ৩৩ জন নেতা–কর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। বুধবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রায়পুর কুস্তা ফুলবাড়ি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তারা জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া–৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের বগুড়া জেলা শাখার সহ–সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।

নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুর রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগদান অনুষ্ঠানে ড. মোস্তফা ফয়সাল পারভেজ নবাগতদের স্বাগত জানিয়ে বলেন,

“জামায়াতের দরজা দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় মানুষের জন্য সবসময় খোলা। নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরও মজবুত করতে এই যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিএনপি থেকে জামায়াতে যোগ দেওয়া উল্লেখযোগ্য নেতা–কর্মীদের মধ্যে রয়েছেন— ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, বিএনপি নেতা গোলাম রব্বানী, আলম রেজা, ইউসুফ আলী, বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল ইসলাম, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহিন হাসান, আব্দুল আলিম খোরশেদ মোস্তাক প্রমুখ।

সবমিলিয়ে মোট ৩৩ জন বিএনপি নেতা–কর্মীকে ফুল দিয়ে বরণ করা হয়।

এদিকে জানা গেছে, এর আগে শাজাহানপুর উপজেলাতেও কয়েকজন বিএনপি নেতা–কর্মী জামায়াতে যোগ দিয়েছেন।

এই ধারাবাহিক দলবদল নিয়ে তৃণমূল পর্যায়ের বিএনপি কর্মীদের মধ্যে প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে— কেন ক্রমেই দলত্যাগ বাড়ছে এবং স্থানীয় পর্যায়ে সংগঠনের প্রতি আস্থা কমে যাচ্ছে তা নিয়ে নানা আলোচনা চলছে।