পূর্ববর্তী আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউসুফ নামে বংশাল থানা এনসিপির একজন কর্মী আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একই ভবনের তৃতীয় তলায় এনসিপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার সমন্বয় সভা চলছিল। ঠিক সে সময় দ্বিতীয় তলায় মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে তা হাতাহাতি এবং পরবর্তীতে সংঘর্ষে পরিণত হয়।

অভিযোগ অনুযায়ী, প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরে একটি কোম্পানির সঙ্গে আর্থিক আলোচনায় গেলে মোহাম্মদপুর থানা নেতা রিয়ানের সহায়তায় দুই লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। পরে বারবার যোগাযোগ করেও টাকা ফেরত পাওয়া যায়নি। শুক্রবার কনভেনশন হলে রিয়ানকে দেখলে বংশালের নেতাকর্মীরা টাকা ফেরত চেয়ে তাকে ঘিরে ধরেন এবং সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।