ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দলের কোনো এমপি বা মন্ত্রী বিদেশে চিকিৎসার জন্য যাবেন না বলে ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এবং ঢাকা-৮ আসনে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
শুক্রবার (২৪ অক্টোবর) মতিঝিল উত্তর থানার উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা ক্ষমতায় যেতে পারলে জনগণের করের টাকায় গড়ে ওঠা দেশীয় স্বাস্থ্য ব্যবস্থাকেই সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করবো। আমাদের কোনো এমপি বা মন্ত্রীও তখন বিদেশে চিকিৎসা নিতে যাবে না।”
তিনি আরও বলেন, জামায়াত শুধুমাত্র ক্ষমতার রাজনীতি করে না, বরং মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে। “অতীতে যারা ক্ষমতায় এসেছে তারা নিজেদের স্বার্থে রাজনীতি করেছে। কিন্তু জামায়াত মানবতার রাজনীতি করে—দুর্যোগ-দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই যার পরিচয়।”
জামায়াতের ৪ দফা ভিত্তির একটি হলো সমাজসেবা ও সমাজ সংস্কার—এ কথা উল্লেখ করে তিনি জানান, এই ভিত্তিতেই দলটি বন্যা-দুর্যোগ, নদীভাঙন, দারিদ্র্য, বেকারত্ব মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।
স্বাস্থ্যসেবা নিয়ে তিনি বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিদেশে চিকিৎসা না নিয়ে দেশের স্বাস্থ্যসেবার প্রতি যে আস্থা দেখিয়েছেন, সেটিই দলের মূল নীতি। ক্ষমতায় গেলে সাধারণ মানুষও দেশে থেকেই উন্নত চিকিৎসা পাবেন।
তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে সাধারণ মানুষ এখনো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অথচ জামায়াত ক্ষমতায় না থেকেও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
শোষিত-বঞ্চিত মানুষের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন—চিকিৎসা নিশ্চিত করা, যুবকদের কর্মমুখী প্রশিক্ষণ, উদ্যোক্তা সৃষ্টি, সুদবিহীন কর্জে হাসানা, শিক্ষা সহায়তা, নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন—এসবই জামায়াতের মানবিক কর্মসূচির অংশ।
তিনি জোর দিয়ে বলেন, “জামায়াত কখনো ক্ষমতার সিঁড়ি হিসেবে রাজনীতি ব্যবহার করেনি, করবেও না।” তাই দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেন তিনি।
বৈষম্যহীন, সুখী-সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনে জনগণের সহযোগিতা কামনা করে ড. হেলাল উদ্দিন বলেন, “নতুন বাংলাদেশ নির্মাণে জামায়াতের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
মতিঝিলের মুক্তিযোদ্ধা সাবু চত্ত্বরে আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে সহস্রাধিক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পান। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

