বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির করা বিস্ফোরক আইনের দুটি পৃথক মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া নেতারা হলেন—উপজেলার কাদাই গ্রামের কালেরপাড়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম (৬৫) এবং ধুনট পৌর পশ্চিম ভারণশাহী এলাকার পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহুরুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩০ মে শহরের হোটেল আরাফাতে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দোয়া মাহফিলে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় ২০২৪ সালের ১২ নভেম্বর আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। এই মামলাতেই সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, গত ১৭ ফেব্রুয়ারি শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে দায়ের হওয়া মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, এজাহারভুক্ত আসামি হিসেবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।