বগুড়ার নন্দীগ্রামে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতা রবিউল ইসলামকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন।
আজ বুধবার দুপুরে সংগঠনের সহদপ্তর সম্পাদক ফারহান সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে সাংগঠনিক পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি ছিলেন। তিনি নুন্দহ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।
এর আগে, ২৫ আগস্ট রাতে বগুড়ার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এক হাজার ২০০ পিস ইয়াবাসহ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলামকে (৩৬) গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।

ডেস্ক রিপোর্ট 


















