বরিশালের বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে বিএনপি ও আওয়ামী লীগের শাসনব্যবস্থা সমালোচনা করে বক্তব্য দিয়েছেন দলটির নায়েবে আমীর মুফতি মুহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, “বহু দল ক্ষমতায় এসেছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। চাঁদাবাজি, জুলুম, দখলদারি আজও থেমে নেই।”
রোববার বিকেল ৩টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে ‘রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন’– এসব দাবিতে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি অভিযোগ তুলে বলেন, “পিআর পদ্ধতি মানা হয়নি, গণহত্যার বিচার হয়নি। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে—কিন্তু বাস্তবে তার উল্টো দেখছি।” তিনি আরও দাবি করেন, যেকোনো শাসনেই মানুষের কষ্ট কমেনি।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ঝালকাঠী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজীসহ দল ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়া।

