বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট–২ আসনে মনোনয়নপ্রত্যাশী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি দেশের উন্নয়নের রাজনীতি করে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে তাঁর নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা আগামীতে সুন্দর দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দল–মত নির্বিশেষে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলার আটটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লুনা।
বেহাল সড়কব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এম ইলিয়াস আলী এমপি থাকাকালে বিশ্বনাথ ও ওসমানীনগরে বহু উন্নয়ন করেছেন। কিন্তু আওয়ামী লীগ সরকার গত ১৭ বছরেও সেই সড়কগুলো সংস্কার করেনি। ইতোমধ্যে সেসব রাস্তার তালিকা পাঠানো হয়েছে এবং সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বিশ্বনাথে ছয়টি এবং ওসমানীনগরের চারটি সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে। বাকিগুলোও অনুমোদন হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান এবং পরিচালনা করেন অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া। এছাড়া ইউনিয়নের জনপ্রতিনিধি ও বিএনপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

