ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকে আত্মগোপনে সাবেক স্পিকার শিরীন শারমিন! দেশে নাকি সীমান্তপারে?

---

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। তার দেশত্যাগের খবরে হতবাক হয়েছিলেন তৎকালীন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকারের কার্যালয়ে দায়িত্ব পালন করেছেন এমন এক কর্মকর্তা আমার দেশ-কে জানান, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সাড়ে ১৫ বছরের স্বৈরশাসক হাসিনা দেশ ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত শিরীন শারমিন জাতীয় সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনেই ছিলেন। শেখ হাসিনা পালিয়ে যাবেন—এ ধারণা তিনি কখনোই করেননি। দুপুর পর্যন্ত পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলেও তিনি নির্বিকার ছিলেন। সেদিনও তিনি প্রচলিত নিয়মেই অফিসের কাজ করেন এবং জরুরি কিছু ফাইলে সই দেন।

উৎসটি জানায়, দুপুরের পর হাজারো ছাত্র-জনতা গণভবন ও সংসদ ভবন অভিমুখে রওনা হওয়ার খবর তাকে দেওয়া হলে পরিস্থিতির হঠাৎ পরিবর্তনে তিনি দ্রুত ব্যক্তিগত গাড়িতে সংসদ এলাকা ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন ও ছোট ছেলে। প্রায় ১২ বছরের আবাসন সেভাবেই ছেড়ে যান তিনি।