বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু
সোমবার (২৭ এপ্রিল) দেশের ৪ জেলায় বজ্রপাতে ৯ জনের মৃত্যু হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত বজ্রপাতে সুনামগঞ্জে ৩ জন, নেত্রকোণায় ৩ জন, হবিগঞ্জে ২ জন ও নোয়াখালীতে ১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল রোববারও দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১৪ জন নিহত হন।
সুনামগঞ্জ
সুনামগঞ্জের হাওরে ধান কাটার সময় বজ্রপাতে পৃথক স্থানে তিন কৃষকের মৃত্যু হয়েছে এবং আরও তিনজন আহত হয়েছেন।
এর মধ্যে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের জমির হোসেন (৪২) এবং মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের জমির উদ্দিন (৪৬) নিহত হন।
একই সময় সদর উপজেলার হাওরের অন্য একটি স্থানে বজ্রপাতে আবু সালেহ (২২) নামের আরও এক কৃষকের মৃত্যু হয়। তিনি জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।
এছাড়া, শান্তিগঞ্জ উপজেলায় তিন কৃষক আহত হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
নেত্রকোণা
নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক স্থানে বজ্রপাতে এক জেলে ও দুই কৃষকের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গোদারাঘাট এলাকায় ধনু নদে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে একজনের মৃত্যু হয়।
উপজেলার সাতগাঁও গ্রামে বাড়ির সামনে হাওরের ধান শুকাতে গিয়ে মোনায়েম খাঁ পালান নামে এক কৃষক বজ্রপাতে নিহত হন।
এছাড়া, উপজেলার কৃষ্ণপুরের ছায়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মো. শুভ মন্ডল নামে আরেক কৃষকের মৃত্যু হয়েছে।
হবিগঞ্জ
হবিগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম-সংলগ্ন গড়দার হাওরে মকছুদ আলী (৪০) নামে এক কৃষক নিজ জমিতে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অন্যদিকে, বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকায় আব্দুস সালাম (৩৫) বাড়ির পাশে খলা থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে মারা মান।
নোয়াখালী
নোয়াখালীর হাতিয়ায় বজ্রপাতে মোহাম্মদ আরাফাত হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে তিনি বাদাম শুকাতে দিয়েছিলেন, আর বৃষ্টি শুরু হলে সেই বাদাম আনতে গেলে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।

ডেস্ক রিপোর্ট 


















