ইতালিতে নিজ বাসায় খুন হয়েছেন বাংলাদেশি একই পরিবারের তিন সদস্য। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে মর্মান্তিক এই হত্যাকান্ড ঘটে।
নিহতরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল হোসেন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এ ঘটনায় আহত হয়েছেন তাদের ২০ বয়সী ছেলে আমির হোসেন অয়ন।
নিহত বাবুলের পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে বাবুল, তার স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাত করে। ঘটনার সময় অয়ন বাহির থেকে ঘরে প্রবেশের সময় বিষয়টি টের পেলে তাকেও জখম করে দুর্বৃত্তরা দ্রুত বের হয়ে যায়। অয়নের চিৎকারে আশপাশের লোকজন বেরিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং অয়নকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এ ঘটনায় বাবুলের নোয়াখালীর কোম্পানীগঞ্জের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজনরা বলছেন, তারা ইটালী থেকে লোকমারফত এ হত্যাকান্ডের বিষয়ে নিশ্চিত হয়েছেন। সেদেশের পুলিশ কাউকে লাশ দেখতে দিচ্ছেন না। তারা দ্রুত সময়ের মধ্যে লাশ দেশে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
নিহতের বাড়ির এক প্রতিবেশী এই হত্যাকাণ্ডের পেছনে নারি সংক্রান্ত বিরোধ থাকতে পারে বলে জানিয়েছেন।
দূর পরবাসে এভাবে যেন আর কাউকে খুন হতে না হয় এবং মর্মান্তিক হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের উপযুক্ত বিচার হোক এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

ডেস্ক রিপোর্ট 


















