ভেনেজুয়েলার উত্তর উপকূলে আবারও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সম্প্রতি দেশটিতে আঘাত হানা দুটি শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্পের ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই নতুন এ কম্পন জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আলজাজিরার শনিবারের (২৭ জুন) এক প্রতিবেদন অনুযায়ী, রিখটার স্কেলে সর্বশেষ এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৯।
গত বুধবার আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯২০ জনে। ওই দুর্যোগে রাজধানী কারাকাসের বেশ কয়েকটি এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। সেই বিভীষিকা কাটিয়ে ওঠার আগেই আবারও কেঁপে উঠল ভেনেজুয়েলার মাটি।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা ইএমএসসি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, নতুন এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহর থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সর্বশেষ এ ভূমিকম্পে নতুন করে কোনো ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে বার্তা সংস্থা রয়টার্স স্থানীয়দের বরাতে জানিয়েছে, শুক্রবারও কারাকাস ও মারাকাই শহরের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হানে। উদ্ধারকাজ চলার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর মতে, এ প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা শেষ পর্যন্ত ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
ভেনেজুয়েলা সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে এখনো ১৭২ জন আটকা পড়ে আছেন এবং নিখোঁজ মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, লা গুয়াইরা রাজ্যের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জনসাধারণের চলাচল সীমিত করা হবে।

ডেস্ক রিপোর্ট 


















