রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে দলটির কুমিল্লার লাকসাম পৌর শাখার সাধারণ সম্পাদক গোলাম ফারুক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, গোলাম ফারুক বলেন,
“কুমিল্লার লাকসাম থেকে আবুল কালামের নেতৃত্বে আমরা হাজার হাজার নেতাকর্মী গুলশান কার্যালয়ে হাজির হয়েছি। আবুল কালামকে ধানের শীষ উপহার দিলে নেতাকর্মীরা নিরাপদ থাকবে। তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ থাকবে। জয় বাংলা, জয়, জয় হোক।”

২৬ অক্টোবর বিকেলে গুলশানের এই কার্যালয়ে কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তার সমর্থনে লাকসাম থেকে শত শত নেতাকর্মী কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে লাকসামের এক নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি নেতা বলেন,
“গত ১৭ বছর তিনি আওয়ামী লীগের চেয়ারম্যানদের সঙ্গে আঁতাত করে চলেছেন। এজন্যই মুখে জয় বাংলা স্লোগান চলে এসেছে।”

নিজ অবস্থান ব্যাখ্যা দিতে গিয়ে গোলাম ফারুক বলেন,
“হঠাৎ করে সাংবাদিক এসে বক্তব্য দিতে বলায় আমি প্রস্তুত ছিলাম না। ‘জয় বাংলা’ শব্দটি কীভাবে মুখ থেকে বের হয়ে গেল, আমি নিজেই হতবাক হয়ে আছি।”