আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে নিয়ে বৃহৎ রাজনৈতিক জোট গঠনের উদ্যোগ নিচ্ছে বিএনপি। এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ফ্যাসিবাদবিরোধী ঐক্যকে অটুট রাখতে চায়। বিভেদের পথে না গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্দোলনের ধারাবাহিকতা রক্ষা করে বিভিন্ন শক্তিকে নিয়ে গঠিত হবে বৃহত্তর রাজনৈতিক জোট।
আগামী জাতীয় নির্বাচনে দলীয় বিবেচনার বদলে যোগ্য ও জনবান্ধব প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে তারুণ্যনির্ভর নেতৃত্বের মাধ্যমে গণতন্ত্র ও ন্যায়বিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, যুবসমাজকে উজ্জীবিত করে দেশ গঠনের লক্ষ্যেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। সেই আদর্শ অনুসরণ করেই ৪৭ বছরে যুব উন্নয়ন, কর্মসংস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় বিএনপি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
সালাহউদ্দিন আহমদ জানান, তরুণদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জানতে সারা দেশে সফর করা হয়েছে। তাদের স্বপ্ন, চিন্তা ও প্রযুক্তিনির্ভর মেধা দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি।
ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠার সব পথ বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আমাদের অবস্থান এক—বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরে আসতে দেওয়া হবে না।

