মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরোও দুইজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রোববার (২৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান।
গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সনকা চিরেন পাড়া গ্রামের গোপাল সরকারের ছেলে সুজন সরকার ও একই উপজেলার সুজালপুর গ্রামের রুস্তম আলীর ছেলে সাবুল ইসলাম শাকিল।
মামলার তদন্তকারি কর্মকর্তা হাফিজুর রহমান জানায়, ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন আগে তিন জনকে গ্রেফতারের সূত্র ধরে শাকিল ও সুজনকে গ্রেফতার করা হয়েছে। আইনি সকল প্রক্রিয়া শেষে রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এখনো দুজন আসামি পলাতক রয়েছে তাদেরো দ্রুত গ্রেফতার করা হবে।
এ সময় জেলা শহরের মুন্সিরহাট এলাকার ভুক্তভোগী কুতুব উদ্দিন থানায় উপস্থিত হয়ে গণমাধ্যমকর্মীদের কাছে সেদিনের বর্ণনা তুলে ধরে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে সদর থানার ওসি সারোয়ারে আলম খান জানান, এ ঘটনায় ৫ জন আসামীকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৮ হাজার টাকা জব্দ করা হয়। মামলাটি চলমান, দ্রুতই আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
উল্লেখ্য, গেল ২২ জুন ঠাকুরগাঁও জেলা শহরের শুক ব্রিজ এলাকায় বাড়ি যাওয়ার পথে ব্যবসায়ী কুতুব উদ্দীনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকায় আট লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বেশ কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন তিনি

ডেস্ক রিপোর্ট 



















