পটুয়াখালীর দুমকীতে যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমিটিতে পদ পাওয়া পক্ষের তিনজন আহত হয়েছেন। এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন কমিটিতে পদ না পাওয়া নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গেলে পুলিশ তাদের আটকে দেয়। একই সময়ে কমিটিতে পদ পাওয়া নেতাকর্মীরা শোভাযাত্রা নিয়ে উপজেলা পরিষদের পশ্চিম গেটের সামনে গেলে পুলিশ তাদেরও আটকে দেয়।
একপর্যায়ে উভয়পক্ষ পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় পদবঞ্চিত নেতাকর্মীদের ধাওয়ার মুখে পদ পাওয়া নেতাকর্মীরা পিছু হটেন।
সংঘর্ষে পদ পাওয়া পক্ষের তিনজন আহত হন। এ সময় তাদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার পর উপজেলা পরিষদ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 


















