বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়েখ আল্লামা মামুনুল হক বলেছেন, স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের শিক্ষাব্যবস্থা এখনো কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছায়নি। বিশেষ করে প্রাথমিক স্তরের ইসলামী শিক্ষার মান অত্যন্ত নিম্ন পর্যায়ে থাকায় নতুন প্রজন্মের মাঝে দ্বীন, নবী ও কোরআন সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তার মতে, এটি জাতির জন্য বিপদ সংকেত হিসেবে দেখা দিচ্ছে।
তিনি বলেন, একটি শক্তিশালী ও আদর্শ জাতি গঠনে ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দ্বীনি শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ ও যোগ্য নাগরিক তৈরি করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালার বাজারে অবস্থিত শরীয়াতুন হাবিব দারুল উলুম কওমি মাদরাসার নতুন একাডেমিক ভবন উদ্বোধন এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও মাদরাসার প্রতিষ্ঠাতা শফিকুর রহমান কিরন, জামিয়া মোহাম্মদীয়া আরাবিয়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়সাল এবং জামিয়া আরাবিয়া মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি জাকির উল্লাহ।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন, ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম তৈরি এবং নৈতিক সমাজ গড়ার আহ্বান জানান। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

