বগুড়ার শাজাহানপুরে একটি মাদ্রাসার পরিচালনা পর্ষদ (ম্যানেজিং কমিটি) নির্বাচনকে কেন্দ্র করে দেখা গেছে এক ব্যতিক্রমী দৃশ্য। বিএনপি নেতা আব্দুল বাছেদ রন্জুর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তার সমর্থকেরা মঙ্গলবার দুপুরে শতাধিক মোটরসাইকেলে শোডাউন করে মানিকদিপা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা চত্বরে প্রবেশ করেন।
এলাকাবাসী জানান, এত মোটরসাইকেলের মহড়া দেখে মনে হয়েছে যেন রাজনৈতিক শোডাউন—মাদ্রাসার নির্বাচন নয়। হঠাৎ এমন অবস্থায় শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তফসিল অনুযায়ী আগামী ১৩ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে এই মাদ্রাসার সভাপতি নির্বাচন। ওই নির্বাচনে বিএনপি প্যানেলের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন আব্দুল বাছেদ রন্জু।
এসময় আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মোহসিন আলী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান মাসুমসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমার পর রন্জু ও তার সমর্থকরা চাঁদবাড়িয়া, পলিপাড়া, রাঙ্গামাটি বাজার, ফকিরপাড়া ও পদ্মপাড়া এলাকায় আরেক দফা শোডাউন করেন, যা পুরো এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দেয়।
প্রার্থী রন্জু বলেন, “মাদ্রাসার উন্নয়নই আমার লক্ষ্য। নির্বাচিত হলে শিক্ষা কার্যক্রম ও অবকাঠামো উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।”
তবে স্থানীয়দের একাংশ বলেন, মাদ্রাসার নির্বাচনে এমন শোডাউন আগে কখনো হয়নি। এটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশের সঙ্গে যায় না।

