জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (জাকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) আয়েশা সিদ্দিকা মেঘলা সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের অঙ্গসংগঠনগুলোকে নিয়ে তীব্র সমালোচনা করেছেন।

বুধবার (২৯ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, জামায়াতের কর্মী, ছাত্রীসংস্থা কিংবা শিবিরের সদস্যরা নির্যাতনের শিকার হলেও দলীয়ভাবে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না।

মেঘলা লেখেন, “জামায়াতের মহিলা কর্মীরা যখন আক্রমণের, কটুক্তির শিকার হয়, তখন জামায়াতের অফিশিয়াল পেজ থেকে কোনো বিবৃতি যায় না, কোনো প্রতিবাদ হয় না।”

তিনি আরও বলেন, “ছাত্রীসংস্থার মেয়েদের যখন বাজে মন্তব্য করা হয়, তখন জামায়াত বা শিবির কেউই এর প্রতিবাদ করে না। এমনকি ছাত্রীসংস্থাও নিজেদের পেজে প্রতিবাদী কোনো পোস্ট না দিয়ে বরং নবীনবরণের ছবি পোস্ট করে।”

তার বক্তব্যে আরও উঠে আসে, “যারা নিজেদের দলের নারীদের জন্য প্রতিবাদ করতে পারে না, নারীদের নিরাপত্তা দিতে পারে না, তারা কীভাবে অন্য নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করবে?”

আয়েশা সিদ্দিকা মেঘলার এই পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করছেন, আবার কেউ কেউ এটিকে দলীয় অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করছেন।