সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার চার দিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ২৪ অক্টোবর তাঁর বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

নাসিম আকন নিহত হন ২৫ অক্টোবর। গতকাল মঙ্গলবার এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের পত্র নেতাকর্মীদের হাতে পৌঁছালে ক্ষোভের সৃষ্টি হয়। নেতাকর্মীদের অভিযোগ—এটা দলের একজন ত্যাগী নেতার সঙ্গে তামাশা।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, ‘আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার অব্যাহতি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ সব পদ পুনর্বহাল করা হলো।’

নাসিম আকনের নামে লেখা পত্রে তারিখ উল্লেখ করা হয়েছে ২৪ অক্টোবর। তবে জেলা ও উপজেলা বিএনপি নেতারা বলছেন, পেছনের তারিখ দেখিয়ে মঙ্গলবারই এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে।

উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কবরে বসে দলের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে নাসিম আকনের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।’

নাসিম আকনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত বিএনপির কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘আজই (মঙ্গলবার) তাঁর হোয়াটসঅ্যাপে চিঠিটি পাঠানো হয়। ২৪ অক্টোবরেই সিদ্ধান্ত হয়েছিল। তাঁর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণে সেটা প্রকাশে দেরি হয়েছে।’

উল্লেখ্য, চলতি বছরের ২৫ জানুয়ারি দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নাসিম আকনের পদ স্থগিত করা হয়েছিল। গত শনিবার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী হিসেবে নিহত হন তিনি।