জাতীয় ঐকমত্য কমিশনের আট খণ্ডে প্রস্তুত প্রতিবেদন গ্রহণ করে তা সহজবোধ্য বই আকারে প্রকাশ করে জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যদের হাতে থেকে প্রতিবেদন গ্রহণের পর তিনি বলেন, সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল–কলেজের শিক্ষার্থীরা যাতে সহজেই বিষয়বস্তু বুঝতে পারে—সেই রূপে বাংলা ও ইংরেজি দুই ভাষায় বইটি প্রকাশ করতে হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে এই বইটি যেন শিক্ষার্থীদের জন্য অবশ্যপাঠ্য হিসেবে বিবেচনায় আসে। তরুণ প্রজন্ম প্রতিবেদনটি পড়ে নিজেদের পাশাপাশি তাদের বাবা-মাকেও বিষয়গুলো জানাতে পারবে।
প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানান, আট খণ্ডের এই প্রতিবেদনে কমিশনের কার্যপ্রক্রিয়া, কাজের প্রেক্ষাপট, রাজনৈতিক দলগুলোর জমা দেওয়া প্রস্তাবনা, সাধারণ মানুষের মতামত, সংলাপ–আলোচনার সব দলিল এবং স্প্রেডশিট অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রিপোর্টটি ভবিষ্যতে দেশে-বিদেশে গবেষণার গুরুত্বপূর্ণ দলিল হয়ে উঠবে।
এর আগে মঙ্গলবার কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রস্তাব হস্তান্তর করে।

