নির্বাচনের আগে প্রস্তাবিত গণভোট সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সময়, অর্থ ও নির্বাচনের মতো বিশাল আয়োজনের প্রেক্ষাপটে গণভোটের প্রস্তাব অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। ভোটের দিন ছাড়া গণভোট আয়োজনের সিদ্ধান্ত কোনভাবেই বিএনপি মেনে নেবে না।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীতে এক সংবাদ ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলোর ওপর গণভোটের কথা বলা হলেও, জুলাই সনদে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মতামত ও ভিন্নমত সেখানে অন্তর্ভুক্ত করা হয়নি। কমিশনের প্রস্তাব একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির ওপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, “দীর্ঘ এক বছর ধরে সংস্কার ও ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা প্রহসনমূলক ও জাতির সঙ্গে প্রতারণার শামিল ছিল।”
বিএনপি মহাসচিব দাবি করেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই। কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার উপেক্ষা করেছে।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, প্রথম অধিবেশন শুরু হওয়ার ২৭০ দিনের মধ্যে সংস্কার শেষ না হলে গণভোটে অনুমোদিত সংবিধান সংস্কার বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব “অযৌক্তিক, হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত”। তার মতে, কোনো বিল সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া আইনে পরিণত হতে পারে না। স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়া গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থি হবে।

ডেস্ক রিপোর্ট 
























