নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, কারো চাপে বা বিশেষ কোনো দলের চাহিদা বিবেচনায় নয়, বরং জনমত ও প্রতীক নিয়ে আসা বিরূপ মন্তব্যের পর্যালোচনা করে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, “কোনো রাজনৈতিক দলের চাপ বা প্রভাবের কারণে নয়, বরং কিছু প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় নির্বাচন কমিশন প্রতীক সংশোধনের সিদ্ধান্ত নেয়। এই প্রক্রিয়ায় আগের ১১৫টি প্রতীকের তালিকা থেকে ১৬টি বাদ দিয়ে নতুন করে কয়েকটি প্রতীক যুক্ত করা হয়েছে। এখন সংশোধিত তালিকায় মোট ১১৯টি প্রতীক রয়েছে।”

তিনি আরও বলেন, “শাপলা কলির পাশাপাশি আরও কিছু নতুন প্রতীক যুক্ত করা হয়েছে। এখানে নতুন কোনো বিতর্কের যৌক্তিক কারণ দেখি না।”

এর আগে নির্বাচন কমিশনের প্রতীকের তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে ‘শাপলা কলি’ প্রতীকটি অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর এনসিপি দল ‘শাপলা কলি’ প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে সাতটি নমুনাচিত্র পাঠায়, তবে তখন ইসি তা গ্রহণ করেনি। কমিশন জানায়, বিধিমালার তালিকা থেকে নির্ধারিত প্রতীক বেছে নিতে হবে। ১৯ অক্টোবর প্রতীক বাছাইয়ের শেষ দিনেও এনসিপি জানায়, তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না। শেষ পর্যন্ত আজ সংশোধিত তালিকায় ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করে কমিশন।