নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রতীকের তালিকায় নতুন প্রতীক ‘শাপলা কলি’ যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছিল। তবে আগে ইসির তালিকায় এ প্রতীক না থাকায় সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। শেষ পর্যন্ত ইসি ‘শাপলা কলি’ যুক্ত করায় এনসিপির দাবি আংশিকভাবে পূরণ হলো।

এদিকে প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করায় সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ব্যঙ্গ করে লিখেছেন,
“শাপলা যদি দিতেই চান, তবে একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী!”

ইসিকে উদ্দেশ করে রনি আরও লেখেন, “শাপলা কুঁড়ি প্রতীক দিয়ে কী বলতে চান— ‘বাচ্চারা, আপাতত শাপলা কুঁড়ি নিয়ে খেলো। বড় হলে বড় শাপলা পাবা।’ অথবা নতুন কুঁড়িদের অনেক কিছু যেহেতু এখনো ফোটেনি, সেহেতু ফুটন্ত জিনিস তাদের সঙ্গে যায় না।”