জাতীয় নির্বাচনের আগে গণভোটের উদ্যোগকে ‘অযৌক্তিক ও অবিবেচনাপ্রসূত’ বলে আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচনের দিন ছাড়া অন্য কোনো সময় গণভোট আয়োজনের সিদ্ধান্ত বিএনপি কোনোভাবেই মেনে নেবে না।
বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশগুলো ‘একপেশে’ এবং তা জাতির ওপর ‘চাপিয়ে দেওয়া হয়েছে’। বিএনপি অভিযোগ করেছে, জুলাই জাতীয় সনদের কয়েকটি দফা তাদের অগোচরে সংশোধন করা হয়েছে।
এর মধ্যে অন্যতম হলো—শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি ও বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্তির ব্যাপারে ঐকমত্য থাকলেও তা সনদে অন্তর্ভুক্ত করা হয়নি।
এ ছাড়া সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন করতে ব্যর্থ হলে সংবিধান সংস্কার বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিধানকে ‘সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্যপ্রণোদিত ও হাস্যকর’ বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

