নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত করা নতুন প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেছেন, ‘শাপলার বিকল্প হিসেবে শাপলা কলি কেমন দৃষ্টিনন্দন আকৃতির হলো, সেটা আমরা বুঝতে চাই।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আখতার হোসেন লিখেছেন, এনসিপি সবসময়ই বলেছে, শাপলার কোনো বিকল্প নেই— বিকল্প কেবল শাপলার ভেতর থেকেই হতে হবে। দলটি নানা রকম শাপলার নকশা নির্বাচন কমিশনে উপস্থাপন করেছে। তারই ধারাবাহিকতায় ইসি শাপলার ভেতর থেকেই ‘শাপলা কলি’কে বিকল্প প্রতীক হিসেবে এনেছে।
তিনি আরও বলেন, ‘শাপলার বিকল্প হিসেবে শাপলা কলি কেমন দৃষ্টিনন্দন আকৃতির হলো, সেটা আমরা বুঝতে চাই।’
উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ সংশোধন করে ‘শাপলা কলি’কে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে।

