ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বী ‘স্বতন্ত্র ঐক্য প্যানেলের’ প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করেছেন, পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে তিনি ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন।
তিনি জানান, নিয়ম অনুযায়ী প্রতিটি ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট নিয়োগের তালিকা তিনি নির্বাচন কমিশনের কাছে জমা দেন। নির্বাচন কমিশনার তাঁকে রাত ১০টার মধ্যে পোলিং এজেন্ট কার্ড দেওয়ার আশ্বাস দিলেও রাত ১০টা ৩০ মিনিটে যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় সেখানে নানা অনিয়ম লক্ষ্য করেন।
উমামা ফাতেমার অভিযোগ, ভূ-তত্ত্ব ভোটকেন্দ্র (কবি সুফিয়া কামাল হল) এর এজেন্টকে ইউল্যাব কেন্দ্রে পাঠানো হয়েছে, ইউল্যাবের এজেন্টকে আবার উদয়নে পাঠানো হয়েছে। এছাড়া অনাবাসিক ভোটকেন্দ্রগুলোর এজেন্টও পরিবর্তন করে দেওয়া হয়েছে। এর ফলে বিশেষ করে মেয়েদের কেন্দ্রগুলোতে তাঁর কোনো এজেন্ট থাকছে না।
তিনি আরও জানান, ছেলেদের হলকেন্দ্রগুলোতে মেয়েদের প্রেরিত এজেন্টকে গ্রহণ না করে উল্টো ছেলেদের বসিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিকে তিনি “হয়রানি” বলে উল্লেখ করেছেন।
উমামা ফাতেমা বলেন, ভোট শুরুর আগে থেকেই এই অযাচিত দৌড়ঝাঁপ ও সমস্যার কারণে তিনি চরমভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং দ্রুত এর সমাধান দাবি করেন।

ডেস্ক রিপোর্ট 





















