রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও, তারা সাতরাস্তা মোড়ে অবস্থান অব্যাহত রেখেছে। এর আগে, বেলা ১১টার দিকে ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ শুরু করলে সাতরাস্তা হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে অফিসগামী ও সাধারণ যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগবিধি সংশোধন।
এক আন্দোলনকারী শিক্ষার্থী জানান, আগে ছয় দফা দাবিতে আন্দোলন করতে হয়েছিল এবং সেগুলো সরকার মেনে নিলেও এখনো বাস্তবায়ন হয়নি। তাদের দাবি, এসব বাস্তবায়ন করতে হবে। এদিকে, বিএসসি ইঞ্জিনিয়াররা অযৌক্তিক তিন দফা দাবি করেছেন, যার সমাধান হওয়া প্রয়োজন বলে তারা মন্তব্য করেন।
এর আগে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরেও সাতরাস্তা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে পলিটেকনিক শিক্ষার্থীরা। প্রায় আধঘণ্টা অবস্থানের পর তারা ক্যাম্পাসে ফিরে যান।

ডেস্ক রিপোর্ট 























