এসিয়া কাপে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই গড়তে ব্যর্থ হলো জাকের আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতেই ১২৭ রানে অলআউট হয় তারা। ফলে ৪১ রানের বড় ব্যবধানে হার মানতে হলো বাংলাদেশকে। সাইফ হাসানের লড়াকু ইনিংসও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। তিনি ৫১ বলে ৬৯ রান করলেও শেষ দিকে উইকেট হারিয়ে ব্যাটিং ব্যর্থতায় ভুগতে হয় বাংলাদেশকে।
পাওয়ার প্লেতে তানজিদ তামিমকে হারালেও সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের জুটিতে ভালো সূচনা পায় বাংলাদেশ। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দল। ইমন ২১ রান, হৃদয় ৭ রান ও শামিম শূন্য রানে বিদায় নেন। অধিনায়ক জাকের আলী রান আউট হলে আরও ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। একের পর এক ব্যাটার সাজঘরে ফিরলেও একপ্রান্তে সাইফ বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখেন।
তবে শেষ দিকে তিনবার জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। ৫১ বলে ৩ চার ও ৫ ছক্কার মারে ৬৯ রানের ইনিংস খেলে বুমরাহর বলে ক্যাচ দেন সাইফ। এরপর বাকি ব্যাটারদের ভেঙে পড়তে সময় নেয়নি ভারতীয় বোলাররা। কুলদীপ যাদব ৩ উইকেট নেন, বুমরাহ ও বরুণ চক্রবর্তী পান ২টি করে। অক্ষর প্যাটেল ও তিলক বার্মা শিকার করেন একটি করে উইকেট।
এই জয়ে ভারত নিশ্চিত করল ফাইনালের জায়গা। অন্যদিকে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ রূপ নিল অঘোষিত সেমিফাইনালে। যে দল জিতবে, তারাই ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে।

ডেস্ক রিপোর্ট 

























