সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কোনোদিনও উজ্জ্বল হবে না। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই মন্তব্য করেন।
তিনি ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি হলো ‘দৈনিক শিক্ষা’ অনলাইন পত্রিকার একটি ছবি, যেখানে লেখা রয়েছে: ‘পাঠ্য বই থেকে ৭ মার্চের ভাষণ বাদ, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান’। বাকি দুটি ছবি হলো জর্জ অরওয়েলের লেখা Animal Farm ও 1984। সোহেল তাজ এই বই দুটি সবাইকে পড়ার জন্য অনুরোধ করেছেন।
পোস্টে তিনি বলেন,
“যখন যে দল বা গোষ্ঠী ক্ষমতার চেয়ারে বসে ইতিহাস আড়াল করে বা বিকৃত করে নিজের মতো করে নতুন ইতিহাস লেখার চেষ্টা করে, তখন নতুন প্রজন্ম বিভ্রান্ত হয়, দেশপ্রেম জেগে ওঠে না এবং আমরা একই দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলার জালে আটকে থাকি। ২০২৪ বাংলাদেশকে একটি স্বৈরাচারী, অগণতান্ত্রিক অপশাসনের কবল থেকে মুক্ত করেছে, আর ১৯৭১ আমাদের স্বাধীন একটি দেশ দিয়েছে। সঠিক, প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কোনোদিন উজ্জ্বল হবে না।”
তিনি 1984 থেকে উদ্ধৃত করে উল্লেখ করেন,
“Who controls the past controls the future”।
সোহেল তাজ সবাইকে জর্জ অরওয়েলের এই দুটি বই পড়ার জন্য অনুরোধ করেছেন।

ডেস্ক রিপোর্ট 

























