নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরীতে পানিতে ডুবে যাওয়া ধান কেটে কৃষকের পাশে দাঁড়ানোর দাবি করেছেন বাংলাদেশ ছাত্রলীগের (নিষিদ্ধ) কয়েকজন নেতাকর্মী।
শনিবার (২ মে) দুপুরে উপজেলার একটি হাওরে ধান কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পানিতে আংশিক ডুবে থাকা ধানক্ষেতে ১৫ থেকে ২০ জন যুবক একসঙ্গে ধান কাটছেন। তাদের নেতৃত্ব দিতে দেখা যায় জেলা ছাত্রলীগের সাবেক উপদপ্তর সম্পাদক শেখ সাহান বাবুকে। এ সময় তারা কৃষকের দুঃসময়ে পাশে থাকার কথা বলেন।
ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘ড. ইউনূসের অবৈধ নিষেধাজ্ঞা আমরা ছাত্রলীগ মানি না, মানব না ’ একইসঙ্গে নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশনায় কৃষকের ধান কাটতে মাঠে নামার কথাও উল্লেখ করা হয়। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে তাদের ধান কাটতে দেখা যায়।
হাওরে ডুবে যাওয়া ধান কেটে দিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, ভিডিও ভাইরাল
স্থানীয় সূত্র জানায়, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খালিয়াজুরীর বিভিন্ন হাওরে পানি বেড়েছে। এতে অনেক কৃষক আগাম ধান ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন। শ্রমিক সংকটে কৃষকরা ডুবন্ত ধান কাটতে পারছেন না। এমন পরিস্থিতিতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কৃষকদের ধান কাটায় সহযোগিতার উদ্যোগ দেখা যাচ্ছে।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কৃষকের পাশে দাঁড়ানোর উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক স্লোগান ও বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন।
এ বিষয়ে জানতে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট 


















