রাজধানীর উত্তরায় বাবার কাছ থেকে স্কুলছাত্রীকে ফিল্মি কায়দায় ছিনতাই করে অপহরণের ঘটনায় গ্রেপ্তার হওয়া মূল আসামি লামীন ইসলামের (১৯) রিমান্ড শুনানি আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে।
শনিবার (২ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোর্শেদ আলম।
পুলিশ জানায়, গত ২২ এপ্রিল দুপুরে উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের মোড় থেকে ওই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। সে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছিল। এ সময় লামীন ইসলামসহ ৭-৮ জন তাকে জোরপূর্বক বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে একটি প্রাইভেটকারে করে পালিয়ে যায়।
এ ঘটনায় পরদিন (২৩ এপ্রিল) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের পূবাইল থানার পদহারা বাইদ এলাকার কফু মার্কেট এলাকা থেকে শুক্রবার (১ মে) লামীন ইসলামকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার লামীন ইসলাম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রায়েরদিয়া উলুখোলা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে।
ওসি মোর্শেদ আলম বলেন, শনিবার তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রোববার রিমান্ড শুনানির আবেদন করা হবে।
এ ঘটনায় পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেস্ক রিপোর্ট 


















