টকশোতে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনির সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি ওই বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার (২ মে) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জুবায়ের বলেন, একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নিলোফার চৌধুরী মনি ইসলামের ফরজ ইবাদত যাকাতকে তুচ্ছতাচ্ছিল্য করে চাঁদাবাজির সঙ্গে তুলনা করেছেন, যা দুঃখজনক এবং দেশের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।
বিবৃতিতে তিনি বলেন, যাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা সমাজে অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন এবং অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে ভূমিকা রাখে। অন্যদিকে চাঁদাবাজি জুলুম ও অপরাধের প্রতীক। এ দুই বিষয়কে এক কাতারে আনা দায়িত্বহীনতার পরিচায়ক বলে মন্তব্য করেন তিনি।
জুবায়ের আরও বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে জুলুম, দুর্নীতি ও চাঁদাবাজির অবসান চায়। সাম্প্রতিক গণআন্দোলনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি ন্যায়ভিত্তিক ও সন্ত্রাসমুক্ত রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা পাবে। কিন্তু এখনো বিভিন্ন মহল থেকে চাঁদাবাজিকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে, যা সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে।
তিনি দাবি করেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া দেশের প্রচলিত আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই নিলোফার চৌধুরী মনির বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের অবস্থান স্পষ্ট করারও আহ্বান জানান।
ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতিও আহ্বান জানান তিনি।

ডেস্ক রিপোর্ট 


















