কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক সংস্থা আইওএমের দেওয়া ‘ওয়াটার অ্যাম্বুলেন্স’ জোয়ারের পানিতে ডুবে গেছে।
শনিবার (২ মে) সকালে জোয়ারের পানি বৃদ্ধি পেলে অযত্নে পড়ে থাকা অ্যাম্বুলেন্সটিতে পানি ঢুকে এটি ডুবে যায়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, প্রায় দেড় বছর ধরে অ্যাম্বুলেন্সটি বড়ঘোপ স্টিমার ঘাট এলাকায় অচল অবস্থায় নোঙর করে রাখা ছিল। দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় এটি কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে ছিল।
বড়ঘোপ স্টীমার ঘাটসংলগ্ন দোকানদার মো. জাহাঙ্গীর জানান, ওয়াটার অ্যাম্বুলেন্সটি দীর্ঘ দিন ধরে বেড়িবাঁধের বাইরে খালে নোঙর করা ছিল। শনিবার সকালে জোয়ারের পানি বাড়লে অ্যাম্বুলেন্সটির ভেতরে পানি ঢুকে ডুবে যায়।
কুতুবদিয়ার বাসিন্দা এম শহীদুল ইসলাম জানান, কুতুবদিয়া-মগনামা চ্যানেলে জরুরি রোগী পরিবহনের জন্য ওয়াটার অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছিল। তবে উদ্বোধনের পর থেকে এটি নিয়মিত ব্যবহার করা হয়নি। ফলে দীর্ঘদিন ধরে এটি অযত্নে পড়ে ছিল এবং দেখভালের জন্য নির্দিষ্ট কেউ ছিল না।
জানতে চাইলে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাকিব উল আলম বলেন, ওয়াটার অ্যাম্বুলেন্সটি পানিতে তলিয়ে যাওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মারুফ জানান, অ্যাম্বুলেন্সটি ডুবে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। দ্রুত উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ডেস্ক রিপোর্ট 


















