বাউল শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন Hasina Sarkar। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য ছড়িয়ে পড়ার পর ভিডিও বার্তায় নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি।
এর আগে এক বক্তব্যে হাসিনা সরকার অভিযোগ করেছিলেন, নারী বাউলশিল্পীরা বিভিন্ন সময় কুপ্রস্তাবের শিকার হন এবং অনেক ক্ষেত্রে অনুষ্ঠানে সুযোগ পেতেও অনৈতিক চাপের মুখে পড়তে হয়। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি। তবে বক্তব্যটি ছড়িয়ে পড়ার পর বাউল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরবর্তীতে ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। একইসঙ্গে সব বাউল শিল্পীর কাছে ক্ষমা প্রার্থনা করে আগের মতো পাশে থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও দাবি করেন, রাজধানীর Mirpur এলাকায় তার একটি অফিস কিছু লোক এসে বন্ধ করে দেয়। এছাড়া ‘হাসিনা সরকার’ নাম থাকার কারণেও বিভিন্ন মঞ্চ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এই শিল্পী।
ভিডিও বার্তায় তিনি বলেন, “অনেক জায়গায় বলা হয়েছে, হাসিনা সরকার নামে কোনো শিল্পী গান গাইতে পারবে না। বিভিন্ন ক্লাব থেকে গানের প্রস্তাব এলেও পরে অন্য শিল্পীদের দিয়ে অনুষ্ঠান করানো হয়েছে।”
এসব ঘটনায় ক্ষোভ ও হতাশা থেকেই আগের মন্তব্য করেছিলেন বলে জানান তিনি। তার ভাষায়, “রাগের মাথায় বলেছিলাম। যার সঙ্গে যার সম্পর্ক থাকে, তাদের অনুষ্ঠান বেশি হয়। আমার সঙ্গে কারও সে ধরনের সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না। কথাটি বলা আমার ভুল হয়েছে।”

ডেস্ক রিপোর্ট 




















