যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হবে বলে আশা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে এ আশা ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।
নিজের বক্তব্যের শুরুতে ট্রাম্প মার্কিন প্রতিনিধিদলকে ‘দারুণ’ বলে উল্লেখ করেন এবং বলেন, এতে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বড় বড় কোম্পানিগুলোর প্রতিনিধিরা রয়েছেন।
তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশে জানান, তিনি তাদের আলোচনার জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এবং যুক্তরাষ্ট্রের সবাই এই শীর্ষ বৈঠক নিয়ে আলোচনা করছে।
ট্রাম্প আরও বলেন, ‘আপনার সঙ্গে থাকতে পারা আমার জন্য সম্মানের। আপনার বন্ধু হতে পারাও সম্মানের। আর যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও ভালো হবে।’
স্থানীয় সময় বুধবার (১৩ মে) বেইজিং পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। এ সময় বিমানবন্দরে তা কে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা। ২০১৭ সালের পর এটিই ট্রাম্পের প্রথম চীন সফর।
আজ বৃহস্পতিবার জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জন্য বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান ট্রাম্প। এই ঐতিহাসিক ভবনটি ১৯৫৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার দশম বার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছিল। তিয়ানআনমেন স্কয়ারের পশ্চিম প্রান্তে অবস্থিত এই হলটিতে চীন বিদেশি গণ্যমান্য ব্যক্তি ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানের আয়োজন করে।
হলে পৌঁছানোর পর ট্রাম্পকে ২১ বার তোপধ্বনির মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। এরপর অনুষ্ঠান শুরু হয় যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত ‘দ্য স্টার-স্প্যাংলড ব্যানার’ এবং ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে।
ট্রাম্প স্যালুট জানান, আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং লাল ও সোনালি রঙের মঞ্চে তার পাশে দাঁড়িয়ে ছিলেন।

ডেস্ক রিপোর্ট 




















