বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বিএনপি এর আগেও আওয়ামী লীগের ফাঁদে পড়ে জিয়াউর রহমানকে হারিয়েছে, বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মরতে হয়েছে।’
শুক্রবার (৫ জুন) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মাঠে ঈদ পূনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে নাসীরুদ্দীন বলেন, এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনী, এরাই কিন্তু বিএনপি’র অসংখ্য নেতাকর্মীর খুনি, এরাই কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামের অসংখ্য নেতাকর্মীদের খুনি। এরা সাংবাদিক দম্পতি সাগর-রুনীকে হত্যা করেছিল, শাপলা চত্বরে অসংখ্য আলেম-ওলামাকে হত্যা করেছিল, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল।
এনসিপি মতলব উত্তর উপজেলা আহ্বায়ক আরিফা তুহিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইমাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এনসিপি’র মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, এনসিপি চাঁদপুর জেলা কমিটির মাহবুবুল আলম, কেন্দ্রিয় যুব নারী শক্তির যুগ্ম আহ্বায়ক ইমরাত জাহান বিন্দু, উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক আবুল বাশার, উপজেলা এনসিপি’র যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী প্রধানসহ এনসিপি’র বিভিন্ন স্তরের নেতারা।
নাসীরুদ্দীনের এই অনুষ্ঠানটি ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের আগের দিন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান ঘটনাস্থলে এসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখতে ব্যাপক কার্যক্রম পরিচালনা করেন।
অনুষ্ঠানে পাঁচজন বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে শতাধিক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেন।
এদিকে, মতলব উত্তরে এনসিপির শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল কঠোর। সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. লুৎফর রহমানের একদল পুলিশ এনসিপির শীর্ষ নেতাদের সার্বিক নিরাপত্তায় সমাবেশস্থল ও তার আশপাশে ছিলেন।

ডেস্ক রিপোর্ট 


















