চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর হতাশার মধ্যেও ব্রাজিল শিবিরে ফিরেছে স্বস্তির খবর। দীর্ঘদিনের চোট কাটিয়ে অবশেষে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। মঙ্গলবার (১৭জুন) নিউইয়র্কের বাইরে ব্রাজিল দলের বেস ক্যাম্পে অনুশীলনে অংশ নেন নেইমার। চোট পাওয়ার পর এই প্রথম তাকে বল পায়ে মাঠে দেখা যায়। তবে এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন তিনি।
গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান নেইমার। সেই ইনজুরি নিয়েই তিনি কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেন। চোটের অগ্রগতি মূল্যায়নে গত সোমবার তার একাধিক মেডিকেল পরীক্ষা ও স্ক্যান করা হয়। মঙ্গলবার মাঠে ফিরলেও দলের মূল স্কোয়াডের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি নেইমার। তিনি হালকা দৌড় ও ফিটনেস পুনরুদ্ধার কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন।
আগামী শুক্রবার ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে হাইতির। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করায় ব্রাজিলের জন্য ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে ব্রাজিলের মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না আনচেলত্তি। ফলে হাইতির বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা খুবই কম। সবকিছু ঠিক থাকলে বেঞ্চে থেকেই সতীর্থদের উৎসাহ জোগাবেন ব্রাজিলের এই তারকা ফুটবলার।

ডেস্ক রিপোর্ট 






















